সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহসান হাবিব এখন এনবিআরের পূর্ণ চেয়ারম্যান, সচিব পদেও নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিব থেকে তাঁকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আহসান হাবিবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তে তাঁকে এনবিআরের চেয়ারম্যান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে ফিরে যেতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২৯ জুন এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। তখন তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ওই নিয়োগের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এনবিআরের কর্মকর্তাদের মধ্য থেকে কেউ চেয়ারম্যান হয়েছিলেন।

আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৫তম বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা।