মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উপাচার্য প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

আদালতের রায়ে পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবিতে সৃষ্ট অচলাবস্থার মধ্যে জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবিদাওয়া ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সোমবার রাতে ডাকা জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি ও অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বরের সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলনসংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে সোমবার রাত ১০টায় সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়।

এর আগে একই দিন আদালতের রায়ে পুনর্বহাল হওয়া এই কর্মকর্তা-কর্মচারীরা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

বন্ধের সময়সীমা শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কীভাবে চলবে বা দাবিগুলো নিয়ে কী সিদ্ধান্ত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।