সাইবার হামলার আশঙ্কায় বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট তিন দিন পর আবার চালু হয়েছে। রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি সচল রয়েছে। গত বৃহস্পতিবার জরুরি নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণ শেষে এবং ঝুঁকি কেটে যাওয়ায় এটি আবার খুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন। একই কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ইন্টারনেট ও সফটওয়্যার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ওয়েবসাইটের একটি বড় অংশ পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি আরও ছয়টি ব্যাংক ও ভূমিসেবার ওয়েবসাইট বন্ধ থাকার খবর পাওয়া গিয়েছিল।