ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির মুখে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে মার্কিন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্য তাঁদের এই মূল্যায়নের অন্যতম ভিত্তি।
গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। নিষেধাজ্ঞা জোরদার ও বাণিজ্যপথে বিধিনিষেধের মাধ্যমে তেহরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করাই এ অভিযানের মূল লক্ষ্য।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।"
তবে বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকির প্রকৃত মাত্রা বা সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে ইরানের কোনো প্রতিক্রিয়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।