সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যেখানে অনিয়ম ও লার্ভা পাবেন, সেখানেই আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করবেন।’ পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেও তিনি জানান।
মীর শাহে আলম বলেন, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর ভাষ্য, ‘সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে তাঁদের সরকারি বাসায় থাকার কোনো যোগ্যতা নেই।’ প্রতিমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই ঢাকাকে বাসযোগ্য করতে সচেষ্ট এবং তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন।
সভায় ঢাকার লেক ও খাল সংস্কারের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির ২৯টি এবং দক্ষিণ সিটির ২৬টি খাল পুনঃখনন ও গাইড ওয়াল নির্মাণসহ বিভিন্ন কাজের বিষয়েও তিনি আলোচনা করেন।