ভারতের গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে দেশের ভেতরকার এক চাঞ্চল্যকর বিশ্বাসঘাতকতার ঘটনা। সিআরপিএফের এএসআই মোতিরাম জাট পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে সেনা ও কেন্দ্রীয় সরকারের গোপন তথ্য পাচার করতেন বলে অভিযোগ।
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাকে গত মে মাসে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, শুধু নিজেই তথ্য পাচার করতেন না, তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা, আধাসামরিক বাহিনী এবং কেন্দ্রীয় দপ্তরের অন্তত ১৫ জন কর্মীর ফোন নম্বরও সরবরাহ করেছিলেন।
সূত্রের দাবি, মোতিরামের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ‘সেলিম আহমেদ’ নামে এক পাকিস্তানি গুপ্তচরের। তার কলরেকর্ড ও ইন্টারনেট ব্যবহার খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, মোতিরাম যাদের নম্বর দিয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন—
চারজন সেনা অফিসার
চারজন আধাসামরিক বাহিনীর কর্মী
সাতজন কেন্দ্রীয় দপ্তরের কর্মী
তদন্তকারীদের আশঙ্কা, এ ঘটনায় আরও বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে।
গত দুই বছরে মোতিরাম প্রায় ১২ হাজার টাকা করে নিয়মিত পাচ্ছিলেন। এই টাকা তার এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো। আশ্চর্যের বিষয় হলো, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, আসাম ও পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য থেকে এ অর্থ পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এ ঘটনায় শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, সেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। জেরায় শাহজাদ জানিয়েছেন, ট্রেনে এক সহযাত্রীর অনুরোধে তিনি একবার মোতিরামের অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা পাঠিয়েছিলেন।
তদন্তে বেরিয়েছে, মোতিরামের সঙ্গে প্রথমে যোগাযোগ করেন এক নারী, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। নিয়মিত ফোন ও ভিডিওকলে কথা বলতে বলতে তিনি মোতিরামের কাছ থেকে গোপন তথ্য আদায় করতেন।
কিছুদিন পর আরেকজন ব্যক্তি নিজেকে ওই সাংবাদিকের সহকর্মী পরিচয় দিয়ে যোগাযোগ করেন। পরে জানা যায়, তিনি আসলে পাকিস্তানি আইএসআইয়ের একজন কর্মকর্তা।
কোন তথ্য পাচার হতো
গোয়েন্দাদের দাবি, মোতিরামের কাছ থেকে পাকিস্তানি গোয়েন্দারা যে তথ্যগুলো পেয়েছে তার মধ্যে রয়েছে—
নিরাপত্তা বাহিনীর মোতায়েন সংক্রান্ত নথি
সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন রিপোর্ট
সেনা ও সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কিত তথ্য
পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই মোতিরামের কার্যকলাপ সন্দেহজনক মনে হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার গতিবিধি গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর সিআরপিএফ প্রথমে তাকে নজরদারিতে রাখে এবং প্রাথমিক তদন্ত শেষে এনআইএর হাতে তুলে দেয়।
এ ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে সেনা ও আধাসামরিক বাহিনীর কর্মীরা সরাসরি শত্রুপক্ষের টার্গেটে রয়েছেন, অন্যদিকে অভ্যন্তরে এমন গুপ্তচরবৃত্তির চক্র গোয়েন্দাদের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
এনআইএর তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন—মোতিরামের বাইরে আর কারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এবং পাকিস্তানি আইএসআইয়ের হাত কতদূর ভারতের নিরাপত্তা বলয়ে ছড়িয়ে পড়েছে।