বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না মেলায় এবং বর্তমান পরিস্থিতিতে সফর ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা ছিল।
সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সফর স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, সরকার সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি বিরাজ করছে; তাই তাঁকে এখন না এনে কিছুদিন পর সফরের আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।
মিজানুর রহমান সাঈদ আরও বলেন, বিষয়টি মেনে নেওয়া তাঁদের জন্য কিছুটা কঠিন ছিল। সফর যথাসময়ে অনুষ্ঠানের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং শুক্রবারের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তায় বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে সফরটি ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।
এর আগে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার সিনিয়র মুফতি ও শিক্ষাসচিব মুফতি শরীফ মালিকও শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তাঁকে বাংলাদেশে আনা নিরাপদ নয়।