সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আট মাসেরও বেশি সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলি হয়ে মধ্যনগর ছাড়েন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। মধ্যনগরে এখনো সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ সৃষ্টি না হওয়ায় ভূমিসংক্রান্ত কাজও পরিচালিত হয় পাশের ধর্মপাশা উপজেলা থেকে। ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন; তিনি বদলি হওয়ার পর থেকে ধর্মপাশার ইউএনও জনি রায় মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্বসহ মোট তিনটি দায়িত্ব সামলাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা সভা, সরকারি কর্মসূচি তদারকি, ভ্রাম্যমাণ আদালত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা কাজে স্বাভাবিক গতি নেই। অনেক সময় সেবা নিতে একাধিকবার উপজেলা সদরে এসেও কাজ না করে ফিরে যেতে হয়।
চাপাইতি গ্রামের মানোয়ার হোসেন বলেন, মধ্যনগর হাওরবেষ্টিত উপজেলা; গ্রাম থেকে সদরে আসা-যাওয়াতেই প্রায় সারা দিন চলে যায়। অথচ ইউএনও না থাকায় অনেক সময় সেবা না নিয়েই ফিরতে হয়। ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, ‘শুধু নামেই উপজেলা পেয়েছি; প্রায় সব কাজের জন্য এখনো ধর্মপাশায় যেতে হয়।’ তিনি জানান, এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হয়নি।
শিক্ষক মো. সম্রাট মিয়া বলেন, পূর্ণকালীন ইউএনও না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রয়োজনে সহযোগিতা ও সিদ্ধান্ত পেতে দেরি হচ্ছে; দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও পদায়ন করা জরুরি। মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকী বলেন, আট মাসের বেশি সময় অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার ওপর নির্ভর করে উপজেলা চলা স্বাভাবিক নয়; এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সেবা পেতে জটিলতা তৈরি হচ্ছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো না থাকায় মানুষের ভোগান্তির কথা বলেন।