বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে মোতায়েন করা সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বিজিবি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অস্থায়ী ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি দেখার পাশাপাশি প্রয়োজনীয় কার্যক্রমও সমন্বয় করা হচ্ছে।

এর আগে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে এবং পরে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর বন্ধ ঘোষণা করা হয়েছে।