সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয় লুলার, প্রথম দফায় পিছিয়ে থেকেও হারালেন ফ্লাভিও বলসোনারোকে

দেশটির নির্বাচন আদালতের ঘোষণায় ৮০ বছর বয়সী লুলা দা সিলভা রোববারের দ্বিতীয় দফার ভোটে সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে নজিরবিহীন চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অভূতপূর্ব চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববারের দ্বিতীয় দফার ভোটে তিনি সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়েছেন বলে দেশটির নির্বাচন আদালত জানিয়েছে। ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। প্রথম দফায় তিনিই এগিয়ে ছিলেন এবং বাবার ডানপন্থী আন্দোলনকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনার আশা করছিলেন।

বিভিন্ন জনমত জরিপ, নজির ও ল্যাটিন আমেরিকাজুড়ে ক্ষমতাসীনবিরোধী হাওয়াকে উপেক্ষা করে এ ফল এসেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। গণতন্ত্রে ফেরার পর ১৯৮০-এর দশক থেকে লুলাই প্রথম প্রার্থী, যিনি প্রথম দফায় দ্বিতীয় হয়েও শেষ পর্যন্ত নির্বাচিত হলেন। পরামর্শক প্রতিষ্ঠান থিঙ্ক পলিসির সহপ্রতিষ্ঠাতা লিওনার্দো বারেতো বলেন, প্রত্যাশার চেয়ে ভালো ভোটার উপস্থিতি লুলার জয়ে ভূমিকা রেখেছে; ভোটাররা বলসোনারোর নতুনত্বের বদলে লুলার পরিচিত পথকেই বেছে নিয়েছেন।

লুলা ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন; পরে সেসব অভিযোগ বাতিল হয়। ২০২২ সালে জাইর বলসোনারোকে হারিয়ে তিনি ফের ক্ষমতায় আসেন। প্রচারণায় তিনি তৃতীয় মেয়াদে দারিদ্র্য ও বৈষম্য কমার কথা তুলে ধরেন এবং সতর্ক করেন, বলসোনারো ক্ষমতায় এলে কল্যাণমূলক ব্যয় কাটবেন, সামাজিক অগ্রগতি পেছনে ফেলবেন এবং ব্রাজিলের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেবেন। শেষ দিকের প্রতিশ্রুতির মধ্যে ছিল সারা দেশে সপ্তাহান্তে বিনা ভাড়ায় গণপরিবহন এবং কল্যাণ কর্মসূচির ভাতা ১৫ শতাংশ বাড়ানো।

ভোটের দিন সকালে দুই প্রার্থীর আলাদা জরুরি আবেদনের পর সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন সারা দেশে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে ব্রাসিলিয়া সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত করেন। জরিপে তখন দুই প্রার্থীকে পরিসংখ্যানগত সমতায় দেখানো হচ্ছিল। লুলার আবেদনের পর সালভাদরে পরিবহন জটের কথা জানায় সিটি কর্তৃপক্ষ; তাদের দাবি, অন্তত ৭৫টি সরকারি বাস ডিপো থেকে বের হতে পারেনি। বলসোনারোর দল লিবারেল পার্টি ঝড়-বৃষ্টি ও বন্যায় ভোটারদের যাতায়াত ব্যাহত হওয়ার কথা বলে সাও পাউলো, পারানা ও সান্তা কাতারিনার ১৭টি পৌরসভায় ভোট বাড়ানোর আবেদন করেছিল। লুলা ভোটারদের লাইনে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘অপেক্ষা করুন, ভোট দিন, কারণ গণতন্ত্রকেই জয়ী হতে হবে।’

তবে চতুর্থ মেয়াদ লুলার জন্য সবচেয়ে কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ১৯৮০-এর দশকে গণতন্ত্রে ফেরার পর ব্রাজিলে এবারই সবচেয়ে রক্ষণশীল কংগ্রেস নির্বাচিত হয়েছে। বলসোনারোর লিবারেল পার্টি ও মিত্র দলগুলো নিম্নকক্ষে ২৮০টির বেশি এবং সিনেটে ৫০টি পর্যন্ত আসনে নিয়ন্ত্রণ পেতে পারে। গেতুলিও ভার্গাস ফাউন্ডেশনের অধ্যাপক অলিভার স্টুয়েনকেল বলেন, লুলা শুরু থেকেই ‘ক্ষমতাহীন প্রেসিডেন্ট’ হয়ে পড়তে পারেন।

অর্থনীতিতেও চাপ রয়েছে। সরকারের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৩ শতাংশ, আর উচ্চ সুদের হারের কারণে সরকারি ঋণ জিডিপির ৮২ শতাংশ ছাড়িয়েছে, যা মহামারির পর সর্বোচ্চ। গোল্ডম্যান স্যাক্স আশা করছে, রাষ্ট্রীয় নেতৃত্বাধীন প্রবৃদ্ধির মডেলে অটল থাকা লুলা ব্যয় নিয়ন্ত্রণে বড়জোর সামান্য অগ্রগতি করবেন।