শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাবনার বেড়ায় ঝটিকা মিছিলকে ঘিরে বিএনপি–আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়; অতিরিক্ত পুলিশ মোতায়েন।

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেয়। থানার ফটকে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে। পরে মিছিলের একটি ভিডিও জেলা ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।

সংঘর্ষের মধ্যেই টুকুর পরিত্যক্ত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাড়ির ভেতরে এবং পাশে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এই হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না; তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

থানার সামনে বিক্ষোভের বিষয়ে বেড়া থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, মিছিলটি থানা-সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়েছে; একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না। ওসি নয়ন কুমার সরকার বলেন, পুলিশ সদস্যরা বাইরে সংঘর্ষ সামলাতে ব্যস্ত ছিলেন; থানা ঘেরাওয়ের তথ্য তাঁর জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশের খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি জেনেছেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।