রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাড়ে ১২টার দিকে তিনি পবার পারিলা ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে, তাই এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউএনও জানান, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে, তারই ধারাবাহিকতায় রাতে ভূমি অফিসেও হামলা চালানো হয়। নৈশপ্রহরী ও অন্যান্য নিরাপত্তাকর্মীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নৈশপ্রহরী মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত আছে। সরকারি স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় তিনি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান।