মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সামাজিক মাধ্যমে অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট ঠেকাতে শিগগির সংসদে আইন আনার ঘোষণা তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

সংসদে বগুড়া-১ আসনের সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপতথ্য নিয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে। তাঁর ভাষায়, “আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব।” আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট কীভাবে সামাজিক মাধ্যম থেকে সরানো যায়, সে বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রতিদিনই তিনি এ নিয়ে নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সরকার।

একই অধিবেশনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বরে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এর সুপারিশের ভিত্তিতে ৬১ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ পূর্ণ সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি।