বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে। সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম দফায় নিয়োগ পাওয়া ১১২ জনের মধ্যে ১০৫ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্য কর্মকর্তারা।
সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিতদের কয়েকজন অনুপস্থিত থাকায় পরে বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় নিয়োগদাতা প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীর বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার কথা রয়েছে। তাঁদের লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে।
নবাগত কর্মীদের উদ্দেশে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়ার আইন অনুযায়ী যে কোম্পানির ভিসা নিয়ে কর্মীরা সেখানে গেছেন, সেই কোম্পানি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা এজেন্টের প্ররোচনায় অন্যত্র কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে জড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদসহ নানা আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।