সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

অগ্নিসন্ত্রাস আর চলতে দেওয়া হবে না, নাটোরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বললেন হুইপ দুলু

সারা দেশে আওয়ামী লীগের কথিত নাশকতার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নতুন করে নৈরাজ্যের চেষ্টা হলে জবাব দেওয়ার কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারা দেশে আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্যে দুলু অভিযোগ করেন, প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করছে এবং থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যার চক্রান্ত করছে। এসব সন্ত্রাস দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য বা ভুল-বোঝাবুঝি থাকলেও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সর্বস্তরের মানুষ এখন ঐক্যবদ্ধ। জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ওপর হামলার স্মৃতি দেশবাসী ভোলেনি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিয়ে নতুন করে কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা হলে মানুষ সমুচিত জবাব দিতে প্রস্তুত।

এ বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।