কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন, যাঁদের মধ্যে একটি শিশু রয়েছে। সংঘর্ষের পর অটোরিকশাটি যাত্রীসহ বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে বাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে আসছিল। ঈদগাঁও থানার সামনে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী। প্রত্যক্ষদর্শী ঈদগাঁও বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, দ্রুতগতিতে আসা বাসটি অটোরিকশাকে চাপা দিলে সেটি যাত্রীসহ বাসের নিচে ঢুকে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের নিচ থেকে যাত্রীদের উদ্ধার করেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় রাত সাড়ে ৯টা পর্যন্ত জানা যায়নি। আহত অন্তত চারজনকে ঈদগাঁও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী কয়েক শ যানবাহন আটকা পড়ে। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।