সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহ দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল জ্বালানি খাতে বিনিয়োগের প্রস্তাব তুলে ধরেছে।

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী এলাকায় প্রস্তাবিত টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত উপস্থাপনা দেয়। তারা জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রাখে।

প্রধানমন্ত্রী উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, তাঁর সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধিদল বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে এবং বাংলাদেশের বিনিয়োগ সুযোগ কাজে লাগাতে আন্তরিক ও আগ্রহী বলে জানায়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রতিনিধিদলে ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ অন্যরা।