দুই বছরে শেষ হওয়ার কথা থাকা একটি গ্রামীণ সড়ক-অবকাঠামো প্রকল্প ছয় বছরের বেশি সময়ে ৯৩ শতাংশের বেশি শেষ হয়েছে। এখন বাকি প্রায় ৭ শতাংশ কাজ শেষ করতে আরও দুই বছর সময় এবং প্রায় ৩ হাজার ৯৫১ কোটি টাকা বাড়তি ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩’ নামের এই প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়ে পরিকল্পনা কমিশনে নতুন করে প্রশ্ন উঠেছে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা, যা দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ বেশি। গত ২৪ সেপ্টেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত ও পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। প্রথম সংশোধনীতে তা বেড়ে হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা; দ্বিতীয় সংশোধনীতে ব্যয় অপরিবর্তিত থাকে। এবার তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রায় ৪ হাজার ১ কোটি ২৮ লাখ টাকা বেশি।
মেয়াদও বারবার পিছিয়েছে। মূল পরিকল্পনায় প্রকল্পটি ২০২২ সালের জুনে, অর্থাৎ দুই বছরে শেষ হওয়ার কথা ছিল। প্রথম সংশোধনীতে সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত, অর্থাৎ ছয় বছর করা হয়। দ্বিতীয় সংশোধনীতে আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত সাত বছর নির্ধারণ করা হয়। তৃতীয় সংশোধনীতে সমাপ্তির সময় ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে প্রকল্পটি ৯ বছরের হয়ে যাচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য দেশের ৬৪ জেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, এর মাধ্যমে কৃষিজ ও অকৃষিজ পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাতকরণ সহজ করা এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। এর আওতায় উপজেলা সড়ক উন্নয়ন, ইউনিয়ন সড়ক নির্মাণ ও উন্নয়ন, গ্রাম সড়ক উন্নয়ন, সড়ক অবকাঠামো নির্মাণ, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং হাটবাজার উন্নয়নের কাজ রয়েছে। প্রকল্পের বাস্তবায়ন ও ব্যয়ের এই ধারা প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।