সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

টেকনাফে বোমা তৈরির ১০৩ কৌটা, প্রায় ১৬ কেজি বিস্ফোরক ও অস্ত্র-গুলি জব্দ, গন্তব্য নিয়ে তদন্ত

শনিবার রাতে তল্লাশিচৌকি বসিয়ে চালানটি জব্দ করে বিজিবি; দুই অটোরিকশাচালক আটক, মোটরসাইকেল ফেলে পালিয়েছেন তিনজন।

কক্সবাজারের টেকনাফে বোমা তৈরির বিপুল সরঞ্জাম, বিস্ফোরক ও অস্ত্র-গুলির একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় পাঁচটি অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে এ চালান ধরা হয়।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, বিভিন্ন ধরনের প্রায় ১৬ কেজি বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও ২৫৪টি গুলি। অভিযানের সময় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়। অটোরিকশার পাশেই একটি মোটরসাইকেলে থাকা তিনজন অভিযানের সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, চালানটি দুটি অটোরিকশায় করে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার পাহাড়ি এলাকায় নেওয়া হচ্ছিল। তবে সেটিই শেষ গন্তব্য ছিল না বলে ধারণা করা হচ্ছে। ওই পাহাড়ি এলাকায় কয়েকটি সন্ত্রাসী দল সক্রিয় আছে; দলগুলোর সদস্যদের বিরুদ্ধে মাদক ও মানব পাচার এবং মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগ রয়েছে।

রোববার সংবাদ সম্মেলন করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরকগুলো টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছিল এবং হাবিরছড়া এলাকায় হাতবদল হতে পারত। তবে তদন্তের পর গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সামগ্রী পুরো চালানের অংশ কি না, তা-ও নিশ্চিত নয়; চালানের আরও অংশ থাকতে পারে। কারা এগুলো এনেছে ও এর নেপথ্যে কারা, তা অনুসন্ধান করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা, পাহাড়ে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে মিয়ানমার থেকে চোরাইপথে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি আনা হয়েছে। জব্দ সামগ্রী এসআরবির বিশেষ দল দেখে গেছে এবং পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে ব্যাটালিয়ন অধিনায়ক জানান।

পর্যটন এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে স্থানীয় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ সম্প্রতি দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে এই চালানের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, কক্সবাজার শুধু পর্যটন এলাকা নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল; এখানে বিদেশি নাগরিকের পাশাপাশি ১৪ লাখ রোহিঙ্গার বসতি রয়েছে।