পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় পাবনা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পরীক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরীক্ষার্থী ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের পরবর্তী পর্বে অংশ নেওয়ার জন্য বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াডের আহ্বায়ক সহযোগী অধ্যাপক রতন কুমার পাল এবং যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ অনুষ্ঠানে ছিলেন। এ ছাড়া রসায়ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।