বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানে যুদ্ধ চালানোর অর্থ আছে, যেকোনো সময় থামাতে পারি: ট্রাম্প; সরকার পরিবর্তন তাঁর প্রধান লক্ষ্য নয়

একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র ঠেকানোই তাঁর মূল উদ্দেশ্য; কংগ্রেসের ডেমোক্র্যাটদেরও সমালোচনা করেছেন তিনি।

ইরানে সরকার পরিবর্তন সম্ভব হলেও সেটি যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা ঠেকানোই তাঁর মূল উদ্দেশ্য। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত একটি মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি “সম্ভবত করা যায়”, তবে সেটি তাঁর প্রধান লক্ষ্য নয়। ট্রাম্পের ভাষ্য, “আমি শুধু চাই না, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না। এটি কখনোই আমার বিবেচনার বিষয় ছিল না।”

জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রশাসনের স্বাধীনতা সীমিত হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তত দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে। তাঁর ভাষায়, “মোটামুটি জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর অর্থ আমাদের আছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, ওয়াশিংটন যখন চাইবে, তখনই এই যুদ্ধের ইতি টানতে পারবে।

সাক্ষাৎকারে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের কথিত বিজয় পরাজয়ে পরিণত হতে পারে। তাঁর ভাষ্য, “তারা নিশ্চিত বিজয়কে পরাজয়ে পরিণত করবে।” ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং দেশটির নেতৃত্বকেও নির্মূল করা হয়েছে। ট্রাম্পের এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।