রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরীতে বিশেষ ট্রাফিক অভিযান: ৫৬০ যানবাহন তল্লাশি, ১১৮ মামলা, ৫৮ যানবাহন আটক

শনিবার ট্রাফিক বিভাগ ও ১২টি থানার পুলিশ যৌথভাবে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (৭ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানার পুলিশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

আরএমপি জানায়, অভিযানের সময় ৫৬০টি যানবাহন তল্লাশি করে কাগজপত্র যাচাই করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১১৮টি মামলা করা হয়েছে। এ ছাড়া ৫৮টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ বলছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চালক ও যানবাহনের মালিকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আরএমপি।