জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের সময় প্রায় ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের একটি কালো কষ্টিপাথরের অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধার করা কষ্টিপাথরের অংশবিশেষের ওজন ২১৫ কেজি। এর মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র কষ্টিপাথরটি ভারতে পাচারের চেষ্টা করছিল। সোমবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করা হয়। একই সময় ওই গ্রামের মৃত শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে শ্রী কৃষ্ণকে আটক করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে উদ্ধার করা কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি পাথরটি ভারতে পাচারের চেষ্টা করছিল।