শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

রাজধানীতে একদিনে দুই দুর্ঘটনায় চারজন নিহত: বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন, পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক

বৃহস্পতিবার ঢাকার বিমানবন্দর সড়ক ও কদমতলীর পোস্তগোলায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী এবং দুই অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন।

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় দুজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানবন্দর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহতরা হলেন পোস্তগোলার ভাঙারি দোকানের কর্মচারী ফালু (৫৫) এবং একই এলাকার আরেকটি ভাঙারি দোকানের কর্মচারী আরিফুর রহমান (৪০)। আরিফুর দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন এবং পরিবার নিয়ে ডেমরার কোনাপাড়ায় থাকতেন।

আরিফুরের দোকানের মালিক ফজলে রাব্বি জানান, পুরোনো মালামাল কিনতে সকালে দুজন মোটরসাইকেলে গাজীপুরের টঙ্গীর দিকে রওনা হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কাভার্ড ভ্যান ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে। কাভার্ড ভ্যানের চালক সামান্য আহত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এসআই জানান।

অপর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে কদমতলীর পোস্তগোলায়। কদমতলী থানা-পুলিশ ও নিহতদের সহকর্মীরা জানান, ভোর তিনটার দিকে পোস্তগোলা মোড়ে অটোরিকশা দাঁড় করিয়ে অন্য চালকদের সঙ্গে যাত্রীর অপেক্ষায় ছিলেন জাকির হোসেন ও জাহাঙ্গীর পোদ্দার। এ সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাথে উঠে যায়। এতে তিন অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। অন্য আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন।

কদমতলী থানার উপপরিদর্শক মো. জামাল হোসেন জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক ও জব্দ করতে পারলেও চালক কৌশলে পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুই অটোরিকশাচালকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।