শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মিরপুরের কালশীতে যাত্রীবেশে উঠে চলন্ত বাসে কেরোসিন ঢেলে আগুন, ১০টি আসন পুড়েছে

শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানা এলাকার ঘটনায় যাত্রীদের কেউ আহত হয়েছেন বলে পুলিশ জানতে পারেনি; স্থানীয়রা আগুন নেভান।

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসের পেছনের দিকে বসে ছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর বাসের জানালা দিয়ে নেমে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান আজ শনিবার বলেন, চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে। বাসের ভেতরে যাত্রী ছিলেন; তবে তাঁরা আহত হয়েছেন, এমন খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত রাজশাহীতে গ্যারেজে রাখা একটি বাসে এবং ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।