রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অংশীজন সভায় প্রতিমন্ত্রী জানান, প্রতি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল হবে এবং গঠন করা হবে ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল।

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সাধারণত স্তন, কোলোরেক্টাল ও মুখগহ্বরের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত স্ক্রিনিং ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।’ ক্যানসার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণের কথা বলেন। এ জন্য সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে।

প্রতিমন্ত্রীর মতে, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে এই সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি অংশ নেন।