বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর একটি বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় পার্কিংয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম বরিশালের উজিরপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামে দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে তোলেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।