‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল সমবায়ী ও সমবায় সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমবায় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান ইসলাম আকন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য সমবায়ভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারণে তিনি গুরুত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম এবং পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন। সফল সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন আঝইর রিলাই গরু মোটাতাজাকরণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুফিয়া বেগম।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন হিসেবে নাচোল থানাপাড়া শাপলা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং শ্রেষ্ঠ সমবায় সংগঠক হিসেবে চাঁদপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আতাউর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান ইসলাম আকন্দ জানান, নাচোল উপজেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ৩২৬টি। এসব সমিতির মোট সদস্য ৩ হাজার ২০২ জন।