বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে না, ১৬ জানুয়ারিই পরীক্ষা

ইউজিসির বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটও জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘোষিত সূচিতেই হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (বুয়েট) জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগের সূচিতেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বুয়েট পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। সূচি অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে।

এর আগে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষা নেওয়ার কথা জানায়। এরপর বুয়েটও পূর্বঘোষিত সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল।

বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না; কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছিল। এবারও একই পদ্ধতিতে বাছাই হবে কি না, বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। ভর্তির আবেদনের শেষ সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে বুয়েট জানিয়েছে।