সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরের চৌগাছায় প্রায় ৭০০ বছরের পুরোনো তেঁতুলগাছের বিশাল ডাল ভেঙে পড়ল, সংরক্ষণের দাবি স্থানীয়দের

জগদীশপুর গ্রামে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই গাছের প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে; কেউ হতাহত হননি।

যশোরের চৌগাছা উপজেলায় প্রায় ৭০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি তেঁতুলগাছের বিশাল একটি ডাল ভেঙে পড়েছে। এতে গাছটির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ডালটি ভেঙে পড়ে। গাছটি গ্রামের মিয়া বাড়ির সামনে অবস্থিত; সেখানে পাশাপাশি চারটি প্রাচীন তেঁতুলগাছ রয়েছে। এর মধ্যে একটির বড় একটি ডাল ভেঙে একটি বাড়ির ওপর পড়ে।

খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় ডালটি সরিয়ে দেন। স্টেশনপ্রধান জাহিদুল ইসলাম জানান, ডালটি একটি বাড়ির ওপর পড়লেও কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় প্রবীণদের ধারণা, চারটি গাছের বয়স প্রায় ৭০০ বছর। বয়স নিয়ে এলাকায় নানা জনশ্রুতি আছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪৫ বছর আগে ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিশেষজ্ঞ গাছগুলো পরীক্ষা করেছিলেন। কাঠের ভেতরে বিশেষ যন্ত্র ঢুকিয়ে ও ছাল পরীক্ষা করে তিনি একটি গাছের বয়স ৬৩০ বছর বলে জানিয়েছিলেন। সেই হিসাবে বর্তমানে গাছটির বয়স প্রায় ৬৭৫ বছর।

প্রাচীন এই গাছগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ জগদীশপুর গ্রামে আসেন। স্থানীয়দের দাবি, গাছগুলো প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।