রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের কাজ করার সময় লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগের ‘কাচ্চি খানাস’ নামের রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। এঁদের মধ্যে পলাশ ছাড়া বাকি সবাই রেস্তোরাঁর কর্মচারী; পলাশ গ্যাস লাইনের মিস্ত্রি।
দগ্ধ কর্মচারী নয়ন শিকদার জানান, মিস্ত্রি পলাশ কাজ করার সময় গ্যাস লাইনের চাবি খোলা রেখেছিলেন, ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়। একপর্যায়ে লাইন পরীক্ষার জন্য আগুন জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ধরে যায়। এতে মিস্ত্রিসহ পাঁচ কর্মচারী দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ছয়জন সেখানে এসেছেন। তাঁদের মধ্যে নয়ন মোল্লার শরীরের ১২ শতাংশ, পলাশের ২৬ শতাংশ, জনির ৫ শতাংশ, রবিনের ৩ শতাংশ ও নয়ন শিকদারের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। নিরবের ত্বকের উপরিভাগ (এপিডার্মাল) দগ্ধ হয়েছে। ছয়জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান।