চলতি বছরের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৫ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট কেন্দ্রের মাদরাসাপ্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) প্রতিস্বাক্ষরিত কেন্দ্রের তথ্য ছক ২৯ নভেম্বরের মধ্যে বোর্ডের দাপ্তরিক ই-মেইলে পাঠাতে হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা প্রসঙ্গে বলা হয়েছে, ট্রেজারি বা থানা লকারে রাখা প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন পুলিশ পাহারায় প্রশ্নপত্রের নিরাপত্তা খাম কেন্দ্রে আনতে হবে। বোর্ডের পাঠানো এসএমএসে সেট কোড (তিতাস অথবা কর্ণফুলী) পাওয়ার পরই প্যাকেট খুলতে হবে এবং অব্যবহৃত সেটের খাম অক্ষত রাখতে হবে।
কেন্দ্রের শৃঙ্খলা বিষয়ে বলা হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না; ভারপ্রাপ্ত কর্মকর্তাও শুধু ছবি তোলা যায় না, এমন সাধারণ মোবাইল ব্যবহার করতে পারবেন। প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য একজন এবং প্রতি কক্ষে অন্তত দুজন কক্ষ পর্যবেক্ষক থাকবেন। ছাত্রীদের কক্ষে একজন নারী শিক্ষক থাকতে হবে। কেন্দ্রের মাদরাসার কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না।
প্রতি বেঞ্চে সর্বোচ্চ দুজনের বসার ব্যবস্থা এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব রাখতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা রক্ষায় হ্যান্ড মাইক ও সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে।
পরীক্ষা শেষে বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। নিয়মিত ও অনিয়মিত উত্তরপত্র আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে ডাকযোগে (জিইপি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।