মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পাবিপ্রবির জুলাই-৬ হলে সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন; ক্যাম্পাসে অস্ত্রসহ বহিরাগতদের উপস্থিতির অভিযোগ

সোমবার রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে; দুজন পাবনা সদর হাসপাতালে ভর্তি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খোঁজ নিয়ে জানা যায়, নাঈম পরে ডাবল বেডের অন্য একটি কক্ষে চলে গেলে তাঁর আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান। অভিযোগ আছে, তিনি পরে ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাব সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।

এ নিয়ে সাধারণ সম্পাদক গ্রুপের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সভাপতি গ্রুপের অনুসারীদের প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হলে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ আছে, সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন আঘাত করেন। মুবতাসিম বলেন, তিনি বাইরে গেলে রুমেল হোসেন ও তাঁর অনুসারীরা তাঁর গায়ে হাত তোলেন; ওই হলে তাঁর কোনো সিটও নেই, তিনি শুধু এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন হলের গেস্ট রুমে আশ্রয় নেন। বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা হয় বলে জানা গেছে; পরে তাঁদের কয়েকজন জানালা ভেঙে পেছন দিক দিয়ে বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের একপর্যায়ে অস্ত্রসহ বহিরাগত কয়েকজন ক্যাম্পাসে ঢুকেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সংঘর্ষের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে বহিরাগতদের পরিচয় ও অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা চলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, তাঁরা তখন একটি বৈঠকে ছিলেন, পরে কথা বলবেন। জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমানও জানান, তাঁরা বৈঠকে আছেন এবং বৈঠক শেষে প্রশ্নের উত্তর দেবেন।