ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে দুই বোন কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির ভ্যানটি শিশু দুটিকে চাপা দিয়ে চালক গাড়িসহ পালিয়ে যান।
নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে কাজে যেতে তিনি বাড়ি থেকে বের হন। তাঁর পেছন পেছন দুই মেয়েও তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি হ্যাচারি ও ফিশারির সামনে কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিল। এ সময় নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।