বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাত আনুমানিক ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়; কাঠের দরজা সামান্য পুড়েছে; ভেতরের মালামালের ক্ষতি হয়নি বলে প্রাথমিক তথ্য।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। ওই সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ব্যাংকের কর্মীরা, পাশের পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে আসেন এবং সম্মিলিত চেষ্টায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এতে ব্যাংকের কাঠের দরজা সামান্য পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ হামলা, তা এখনো স্পষ্ট নয়।

এ ছাড়া গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সেখানেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাহিরপুরের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।