রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ইজিবাইকের তিন যাত্রী; বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদীঘলিয়া এলাকায় শনিবার বিকেলে দুর্ঘটনা; ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদীঘলিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মহিবুল্লাহ। তিনি চন্দ্রদীঘলিয়া গ্রামের মরহুম সুফি সাহেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদীঘলিয়া এলাকায় পৌঁছে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের বর্তমান অবস্থা এবং বাসের চালকের বিষয়ে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।