সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন রোনান সুলিভান; ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে নেই হামজা ও ফারহানও

যুক্তরাষ্ট্রে অনুশীলনে ঊরুর পেশিতে টান লাগায় প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তরুণ ফরোয়ার্ডকে; ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ফুটবল দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। গত ২৪ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফের জন্য তাঁকে রেখে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল।

জাতীয় দল সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে অনুশীলনের সময় রোনানের ঊরুর পেছনের পেশিতে টান লাগে। এই চোট থেকে সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ৫ নভেম্বর শুরু হতে যাওয়া সাফে খেলার সুযোগ থাকছে না তাঁর। তবে চোট থেকে আগেভাগে সেরে উঠলে শেষ দিকের এক–দুটি ম্যাচ খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না; সেটি নির্ভর করবে তাঁর পুরোপুরি ফিট হওয়া এবং বাংলাদেশ দলের শেষ দিকে পৌঁছানোর ওপর। তবে এই মুহূর্তে তাঁর খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রোনান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন। ওই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে তিনি জাতীয় দলের কোচ টমাস ডুলির নজর কাড়েন। চোটের কারণে সিনিয়র দলে তাঁর অভিষেক আপাতত পিছিয়ে গেল।

সাফের প্রথম ম্যাচে ৫ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলীকেও পাচ্ছে না স্বাগতিকরা; তাঁদের দুজনের ৯ নভেম্বরের দিকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামও এখনো ক্যাম্পে যোগ দেননি, আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে। ফলে দলের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচকে।

৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে ছয় দলের সাফ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল হবে।