মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লৌহজংয়ে পদ্মা সেতুর কাছে নদীতে গোসলে নেমে ঢাকার দুই পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া পুরোনো ঘাটসংলগ্ন পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় ঘুরতে আসা আটজনের দলের দুজন স্রোতে তলিয়ে গেছেন।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ঢাকার দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে মাওয়া পুরোনো ঘাটসংলগ্ন পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মো. মারুফ ও পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল। তাঁরা দুজনই ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের নেতৃত্বে অফিস স্টাফসহ আটজনের একটি দল দুপুর একটার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসে।

ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে পানির তোড়ে তলিয়ে যান মারুফ ও রাসেল। সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

মাওয়া নৌ পুলিশ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। নৌ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।