পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে, সন্ধ্যার পরও তাপমাত্রা নামছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবার বাড়ছে গরম।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার গ্রামাঞ্চলে ভোরের দিকে ঘাস ও গাছের পাতায় শিশির জমতে দেখা যাচ্ছে, কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যার পর অনেকে গরম পোশাক ব্যবহার করছেন। ঘরেও শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে লেপ-কম্বল।
আবহাওয়ার এই ওঠানামার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অনেকে। রোগীর স্বজনেরা জানিয়েছেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব অসুস্থতা বেশি দেখা যাচ্ছে। হাসপাতালে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি পড়ছে এবং তাঁর পরিবারের একটি শিশু সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে।