রাজশাহীর গোদাগাড়ীতে আমন ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুমে হেমন্তের বৃষ্টি কৃষকের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠের পাকা ধান যেমন ভিজেছে, তেমনি জমিতে কেটে রাখা ধানও ঠিকমতো তোলা যায়নি।
অগ্রহায়ণের এই সময়ে কৃষকদের সাধারণত ধান কেটে ঘরে তোলা আর নবান্নের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা। এবার সেই ব্যস্ততার মধ্যেই নেমেছে বৃষ্টি। মাঠে কোথাও চলছিল ধান কাটা, কোথাও মাড়াই; বৃষ্টিতে সেসব কাজ বাধাগ্রস্ত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ জমির ধান কৃষকেরা কেটে ঘরে তুলেছেন। এবার স্বর্ণ, ব্রি-৫১, ব্রি-৭৫, ব্রি-৮৭, ব্রি-৯০ থেকে ব্রি-৯৫, ব্রি-১০৩, বিনাধান-১৭ ও ২৬-এর পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধানও চাষ হয়েছে।
উপজেলার বেজড়া গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, প্রায় ১৮ বিঘা জমির কাটা ধান মাঠে পড়ে আছে। বৃষ্টির কারণে সেগুলো ঠিকমতো ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে তিনি চিন্তায় আছেন। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পেলেই তাঁদের পরিশ্রম সার্থক হবে বলে মন্তব্য করেন তিনি।
গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি গ্রামের কৃষক জিয়াউর রহমান ১০ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করেছেন। তিনি জানান, চাষের জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছে, অথচ এবার ফলন ভালো হয়নি, দামও কম। তার ওপর অসময়ের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে থাকা খড় ভিজে গেলে গবাদি পশুর খাদ্য সংগ্রহেও সমস্যা হবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তিতে পড়লেও এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তাঁর ভাষ্য, আগামী রোববার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে।