সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাখাওয়াত মুনের (৫০) সঙ্গে কারাগারে পাঠানো অন্য দুজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)। বুধবার রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছিলেন বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন এবং পরে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। অজ্ঞাতনামা ২০-২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে আবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত নয়।
শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) কর্মরত ছিলেন। পরে প্রেষণে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হন। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে পিআইবির পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।