বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নোঙরের রশি ছিঁড়ে নৌকা ডুবে যাওয়ার সময় চার শ্রমিক সাঁতরে তীরে উঠেছেন; নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালুভর্তি একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌকায় থাকা অপর চারজন সাঁতরে তীরে উঠেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছবাজার ঘাটের পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (২০)।

স্থানীয়রা জানান, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন নৌকাটিতে প্রায় সাড়ে ৭০০ ফুট বালু ছিল। রাতে নৌকাটি সুরমা নদীর তীরে চামার বাড়ির পাশে নোঙর করা ছিল। নৌকায় ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন; তাঁদের দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন, বাকি চারজন বালুর ওপর বসে ছিলেন।

রাত ২টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এ সময় খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন, আর বাকি চারজন সাঁতরে তীরে ওঠেন। তাঁদের মধ্যে দুজন আহত হয়েছেন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। জামালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বিজয় সিংহ বলেন, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।