রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মৃত্যুদণ্ডে দণ্ডিত কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা

সামরিক আদালতের রায়ে রাষ্ট্রদ্রোহ, হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা
ছবি: কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা | সংগৃহীত

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। তাকে রাষ্ট্রদ্রোহ, হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বিদ্রোহ উসকে দেওয়ার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা (৬৫)–কে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কঙ্গোর সেনা ট্রাইব্যুনালের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোসেফ মুতোম্বো কাটালাই এই রায় ঘোষণা করেন।

আদালত জানায়, কাবিলা রাষ্ট্রদ্রোহ, হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ এবং বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন।

২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গোর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা কাবিলা ২০২৩ সালে দেশ ছেড়ে চলে যান। তবে চলতি বছরের মে মাসে তিনি পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গোমা শহরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা দেন।

জুলাই মাসে অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগ করা হয়, রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীদের তিনি গোপনে সহায়তা করেছেন। এ বিদ্রোহীরা সম্প্রতি কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে।

তবে কাবিলা এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, আদালতগুলোকে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবারের রায়ের পর কাবিলার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।