শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত, ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ

হিসাব সহকারী পদের পরীক্ষা শুক্রবার সকালে স্থগিত করেন কেন্দ্রের অধ্যক্ষ; ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী ও পরিচালনা কমিটির সভাপতি।

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ সময় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন।

এ পদের জন্য মোট ১৪ জন আবেদন করেছিলেন। সেদিন সকালে ছয়জন প্রার্থী কেন্দ্রে উপস্থিত হন। তাঁদের মধ্যে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও ছিলেন। তিনি ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কারও সঙ্গে তিনি কোনো আর্থিক লেনদেন করেননি। নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখেননি বলে তিনি জানান।

অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। তবে বোর্ডের সদস্য কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি দেখেননি এবং মুঠোফোনেও যোগাযোগ করা যায়নি। তাই অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তাজ উদ্দিনের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত না হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক মাধ্যমে অনেক কিছুই বলা হয়, টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। তিনি জানান, পরীক্ষা কেন স্থগিত হলো, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি; ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।