রাজশাহীর কর্ণহার থানা এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে সোনার বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় বস্তুগুলো লোহার তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনার সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা তল্লাশি করা হয়। অটোরিকশায় থাকা তিন যাত্রীর একজন পালিয়ে যান। বাকি দুজনের দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ছিল ৪১টি সোনালি রঙের বারসদৃশ বস্তু।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় একজন স্বর্ণকারকে দিয়ে বস্তুগুলো পরীক্ষা করা হয়। ওপরের সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়। উদ্ধার করা বারগুলোর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার ফকিরকান্দি এলাকার মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ী থানার দক্ষিণ সাগরনাল এলাকার জাহিদ হোসেন (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলো সোনার বারের মতো করে তৈরি করতেন। পরে আসল সোনা বলে বিক্রির জন্য বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে এসেছিলেন।
অভিযানে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে কর্ণহার থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।