সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ডলার বন্ড ছাড়ার উদ্যোগ নিচ্ছে সরকার, আইএমএফের সঙ্গে মতপার্থক্য মেটাতে দুটি কার্যদল: অর্থমন্ত্রী

কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উদ্বোধন শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেছেন, জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে আইএমএফ কর্মসূচি স্বাভাবিক ধারায় ফেরানোর আশা সরকারের।

দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা, বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি আনতে ডলার বন্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে। মন্ত্রী বলেন, ডলার বন্ড স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। অর্থনৈতিক পরিস্থিতির স্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরার ওপরও তিনি গুরুত্ব দেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে, এমন আলোচনা নাকচ করে মন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্ত ও কর্মসূচির সমন্বয় করা হচ্ছে। মতপার্থক্যের বিষয়গুলো নিরসনে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে এবং আগামী জানুয়ারি–ফেব্রুয়ারির মধ্যে কর্মসূচিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার আশা করছে সরকার।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকার পরও কঠোর শর্তের আইএমএফ কর্মসূচি কেন চালিয়ে যাওয়া হচ্ছে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে; আইএমএফের সঙ্গেও আলোচনা চলছে।

পূর্ববর্তী ঋণ কর্মসূচি আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ কঠোর শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলেও তিনি মন্তব্য করেন।

উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে, তাই সব সহযোগীর কর্মসূচি জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বলে মন্ত্রী মত দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।