টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য শিগগিরই নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শনিবার সংগঠনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত একে অপরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে ভূমিকা রাখছে। সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বিটিএমএ। এ লক্ষ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
সর্বশেষ ২০২৪ সালে ঘোষিত এই খাতের মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগেই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা চায় বিটিএমএ।
বিটিএমএ উদ্বেগ জানিয়ে বলেছে, নতুন মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন আছে বলে তাদের কাছে প্রতীয়মান হচ্ছে। সংগঠনটির দাবি, শিল্প খাতে সৃষ্ট অস্থিরতার কারণে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বড় অঙ্কের ক্রয়াদেশ ইতিমধ্যে অন্যত্র সরে গেছে, যা অর্থনীতির জন্য নেতিবাচক। উৎপাদন ব্যাহত করাকে তারা ‘আত্মঘাতী’ হিসেবে উল্লেখ করেছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট খাতের শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিটিএমএ। সংগঠনটির আশা, আসন্ন নতুন কাঠামো শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে।