চুয়াডাঙ্গার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) অহীন্দ্র কুমার মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, কর্মস্থলে অনুপস্থিতি, শিক্ষকদের হয়রানি ও ঘুষ গ্রহণসহ ২৬ দফা অভিযোগ উঠেছে। অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক চুয়াডাঙ্গায় এসে অভিযোগগুলোর তদন্ত করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যোগদানের পর থেকে ডিপিও নিয়মিত কর্মস্থলে থাকেন না; সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। সরকারি বিভিন্ন দিবসের কর্মসূচিতেও তাঁর অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ভ্রমণভাতা বরাদ্দের প্রায় ৬০ শতাংশ বিধিবহির্ভূতভাবে উত্তোলন করা হয়েছে। কম্পিউটার মেরামতের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি, গাড়ির জ্বালানি ও মেরামতের অর্থে অনিয়ম এবং সরকারি আবাসন ও সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে। জাতীয় প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বরাদ্দ ব্যয়েও অনিয়মের কথা বলা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, সাব-ক্লাস্টার প্রশিক্ষণে শিক্ষকদের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় করা হয়েছে এবং পিআরএল ও পেনশনসংক্রান্ত ফাইল আটকে রেখে শিক্ষকদের হয়রানি করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন; তদন্তে প্রমাণ না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত।