নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের দুই দিন পর অদ্বৈত দাস (৫৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নগর ইউনিয়নের চাঁদপুর এলাকার ধনু নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত অদ্বৈত উপজেলার মুরাদনগর গ্রামের অক্ষয় দাসের ছেলে। তিনি মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পাশের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যার পর বাজারে গিয়ে অনেকের সঙ্গে তাঁর কথাবার্তা হয়। কিন্তু রাত ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার সকালে ধনু নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।