২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজ শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে বই ছাপার দরপত্র, বাড়তি ব্যয়, কথিত সিন্ডিকেট এবং মুদ্রণের মান নিয়ে বিতর্ক কাটেনি। দরপত্র প্রক্রিয়ায় কাজ না পাওয়া প্রেস মালিকেরা অভিযোগ করছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এনসিটিবির দরপত্রে প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
বিষয়টি সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপনের পর সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন জমা হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীরা বলছেন, দরপত্রের প্রাক্কলিত দর ফাঁস করা, দর বাড়ানো এবং কয়েকটি প্রতিষ্ঠানের যোগসাজশে কাজ বণ্টনের মাধ্যমে অনিয়ম করা হয়েছে।
অভিযোগকারীদের তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বই ছাপায় ফর্মাপ্রতি গড় কার্যাদেশ দর ছিল ২ টাকা ৩১ পয়সা। ২০২৭ শিক্ষাবর্ষে তা বেড়ে ৩ টাকা ৩২ পয়সা হয়েছে, যা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি। তাঁদের দাবি, এতে বাড়তি ব্যয় হয়েছে প্রায় ২৫২ কোটি টাকা। তবে সামগ্রিক দুর্নীতির অভিযোগের অঙ্ক প্রায় ৭০০ কোটি টাকা। অভিযোগকারীদের আবেদনে বলা হয়েছে, ৭ জুন দরপত্র চালুর পর ২১ জুন প্রাক্কলিত দর বাড়ানো হয়। ষষ্ঠ-সপ্তম এবং অষ্টম, নবম ও দশম শ্রেণির দরপত্র একই দিনে খোলায় দরদাতাদের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। দৈনিক মুদ্রণক্ষমতা ৬০০ রিম থেকে বাড়িয়ে ৭০০ রিম ধরা এবং কাজ শেষের সময় ৭০ দিন নির্ধারণের বিষয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা।
একজন প্রেস মালিক জানান, এনসিটিবির শীর্ষ কর্মকর্তা ও কয়েকজন প্রেস মালিকের যোগসাজশে এবার অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, গত ১৭ বছর যাঁরা বই ছাপার কাজ করেছেন, তাঁদের অনেকেই এবারও কাজ পেয়েছেন; অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর মতো অন্তত ১৫ জন প্রেস মালিক কাজ পাননি। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিযোগ অস্বীকার করেছে এনসিটিবি কর্তৃপক্ষ। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, বর্তমানে টেন্ডারসহ সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হয়, ফলে অনিয়মের সুযোগ নেই। কারও অনুরোধ রক্ষা না করায় ক্ষুব্ধ হয়ে কেউ কেউ ভিত্তিহীন অভিযোগ করতে পারেন বলে তিনি মন্তব্য করেন। বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, তদন্ত করে দেখা হোক কোনো অনিয়ম হয়েছে কি না। সদস্য সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসও জানান, কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হয়েছে।